নাসার আর্টেমিস–২ চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী চার নভোচারী পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানুষের ভ্রমণের নতুন রেকর্ড স্থাপন করেছেন।

তাঁদের যান চাঁদের পেছন দিকে যাওয়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ প্রায় ৪০ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অংশ ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগ পুনরায় স্থাপিত হয়।

গতকাল সোমবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে আর্টেমিস–২-এর চার নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছান। তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। এর আগে কোনো মানুষ এত দূরে যাননি, ফলে এই অভিযান নতুন রেকর্ড গড়েছে।

আগের রেকর্ডটি ছিল প্রায় ৫৬ বছর পুরনো। ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো–১৩ অভিযানের নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিলেন।