আগামীকাল মঙ্গলবার দেশের ছয় বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এমন আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে।
আজ সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৫ দশমিক ৬ সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম ছিল। আজ রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ সেলসিয়াস। এই তাপমাত্রা গতকাল রোববারের তুলনায় খানিকটা বেড়েছে। তবে দেশের সার্বিক তাপমাত্রা তেমন বাড়েনি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক মুক্তকণ্ঠকে বলেন, “মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কমে যেতে পারে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস। এখন কালবৈশাখীর সময়। তাই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। শুক্রবারের পর থেকে আবার দেশে গরম বাড়তে পারে।”
গত শুক্রবার দেশের ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। গত শনিবারও তাপপ্রবাহ ছিল অন্তত ১৫ জেলায়। তবে এর পর থেকে তাপপ্রবাহ কমে আসছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। তাতে করে একটানা তাপপ্রবাহ না–ও হতে পারে। তবে এ মাসে একাধিক তীব্রতা প্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।






