শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে। খাতা মূল্যায়নের প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। যদি কোনো পরীক্ষকের বিরুদ্ধে খাতা যাচাইয়ে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। মূল্যায়নে কোনো ধরনের পক্ষপাতিত্ব, অবহেলা বা অনিয়ম শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও অর্জনের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার আচরণ অপরিহার্য।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সেই উদ্দেশ্যে সবাইকে সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা ও প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
শিক্ষামন্ত্রী জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ যুগোপযোগী করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাবলিক পরীক্ষা ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও নকল রোধে সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে। অতীতের কিছু অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য প্রদর্শনের প্রবণতা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অনৈতিক চর্চা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।’
মন্ত্রী বলেন, সরকারের অবিরাম চেষ্টায় শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে। এতে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সভায় স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






