সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে গগনশিরীষ গাছের উঁচু ডালে আটকে পড়েছিল একটি চিল। পায়ে বাঁধা দড়ি ডালে প্যাঁচ খেয়ে পাখিটি মাথা নিচু করে ঝুলে ছটফট করছিল। রোববার দুপুর থেকে ২৪ ঘণ্টা পর আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে মুক্ত করেন।
পাঠাগারের সহসাধারণ সম্পাদক এ আর জুয়েল জানান, প্রাঙ্গণে দুটি উঁচু গগনশিরীষ গাছ রয়েছে, যেখানে রাতে অনেক পাখি আশ্রয় নেয়। রোববার দুপুরে একটি গাছের ডালে চিলটি আটকা পড়ে ঝুলছিল এবং মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। আশপাশের দোকানিরা দেখলেও লাইব্রেরিতে জানায়নি। সোমবার দুপুরে গাছের উপরে আরও কিছু চিল ওড়াউড়ি করলে এক দোকানি পাঠাগার কর্তৃপক্ষকে খবর দেন। পরে লাইব্রেরি থেকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে দুজন কর্মী প্রথমে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি নিয়ে উদ্ধার দল পৌঁছে গাছে উঠে পাখিটিকে মুক্ত করেন। ঘটনাস্থলে অনেক মানুষ উৎসুক হয়ে দেখেছে। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস দ্রুত আসায় একটি পাখির প্রাণ বাঁচল। দ্রুততার সঙ্গে মানবিক কাজটি করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।’
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সুবল দেবনাথ বলেন, ‘পাঠাগারের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে যোগাযোগ করেন। গাছটির অনেক উঁচুতে চিলটি আটকা পড়ে। পরে আমার সেটিকে মুক্ত করে দিয়েছি। মুক্ত হওয়ার পর চিলটি উড়ে গেছে।’






