গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল দেখার নিয়ম—

প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর সাইন ইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনটি বেছে নিলেই ফল দেখা যাবে। এছাড়া ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্টও করা সম্ভব।

এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের ২১টি কেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হয়েছে। বি ইউনিটে ৯৩ হাজার ১০২ জন আবেদনকারীর মধ্যে ৭৬ হাজার ৭৬২ জন পরীক্ষায় অংশ নেন, যা মোটের ৮২.৪৫ শতাংশ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন আবেদন করেন। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন আবেদন করেছেন। আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা হবে।