কিশোরগঞ্জের ভৈরবে একটি মাঠে ক্রিকেট আর ফুটবল খেলার দ্বন্দ্ব থেকে গতকাল রোববার রাতে টর্চের আলোয় কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। বেশ কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয়দের জানানো মতে, গতকাল বিকেল পাঁচটার দিকে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে একদিকে ফুটবল খেলা চলছিল, অন্যদিকে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। ফুটবল খেলোয়াড়রা চেয়েছিলেন মাঠে ক্রিকেট না হয়। ক্রিকেট খেলোয়াড়রা চেয়েছিলেন ফুটবল না হয়। এর ফলে ঘোড়াকান্দা এলাকার মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় এই তর্ক থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৮টার দিকে দুই পক্ষ টর্চ জ্বালিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত চলে। দুই পক্ষই টর্চ ব্যবহার করায় পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘মূলত খেলার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজনকে আটক করেছি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’