মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি শ্রমিক আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার দেশে পৌঁছেছে।

সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর দেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।”

আব্দুল্লাহর দাফনের জন্য তাঁর পরিবারকে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিক দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ.টি.এম. মাহবুব-উল করিম।