সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। এই নতুন সময় অনুসারে আদালতগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এ সময়ের মধ্যে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি রাখা হয়েছে।

গতকাল রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধান বিচারপতির আদেশানুযায়ী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এটি জারি করেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুসরণ করা হবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।