লিবিয়া থেকে গ্রিস যাত্রাপথে ভূমধ্যসাগরে রাবারের বোট উল্টে সুনামগঞ্জের ১৩ জনের মৃত্যুর পর তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছেন জেলার তিন সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রোববার তারা পরিবারগুলোর বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেন এবং কিছু উপহার দেন।

গত ২১ মার্চ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাওয়ার সময় নৌকাটি পথভ্রষ্ট হয়। সাগরে ছয় দিন কাটানোর পর জ্বালানি শেষ হয়ে যায়। খাবার-পানির অভাবে নৌকায় থাকা ২২ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জের ১৩ জনের মৃত্যু ঘটে। তারা দিরাই উপজেলার ছয়জন, জগন্নাথপুরের পাঁচজন, দোয়ারাবাজারের একজন এবং ছাতকের একজন।

রোববার সকালে প্রথমে জগন্নাথপুর উপজেলায় মৃতদের বাড়িতে যান সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা দিরাই, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় মৃতদের বাড়িতে যান। সংসদ সদস্যরা জানান, তারা আগেও এই পরিবারগুলোর খোঁজ নিয়েছেন। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ বলেন, “এসব পরিবারের যে ক্ষতি হয়েছে, সেটি অপূরণীয়। আমরা চাই, এভাবে অবৈধভাবে কেউ যেন বিদেশে না যান। বিদেশে যেতে হলে বৈধভাবে যেতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে নয়।”