যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে রাজধানীর অনুমোদনহীন আন্তজেলা বাস কাউন্টার সরাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাত কার্যদিবসের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সরানো না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবাণী জানানো হয়েছে।
আজ রোববার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তজেলা নাইট কোচের কাউন্টার, যাত্রী ওঠানো–নামানো ও পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে রাতেও নগরে যানজট তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তজেলা বাসের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরের বিভিন্ন স্থানে অবস্থিত অনুমোদনহীন কাউন্টারগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশ অমান্য করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল ও মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।






