গত ২৪ ঘণ্টায় রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১০২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যাত্রাবাড়ী থানার অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় ছয়জন, পুরোনো মামলায় তিনজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পল্টন মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ডিএমপি।
একই সময় হাজারীবাগ থানা এলাকায় অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪৬টি ইয়াবা ও ১৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এসব ব্যক্তিদেরও আদালতে হাজির করা হয়েছে।
অন্যদিকে তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরোনো মামলায় দুজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।