ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে আজ রোববার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।

মৃতদের হলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের রফিকুল ইসলাম সরকার (৪৫) এবং একই গ্রামের নুর আলম (৩৫)। তারা মামা-ভাগনে।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, রফিকুল ইসলাম দুপুরে বাগানমাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। সেখানে মাঠের একটি বৈদ্যুতিক মোটরের খোলা তার ঝুলে ছিল। অসাবধানতায় সেই তার তার শরীরে লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা ভাগনে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।