ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএটিই) মাধ্যমে এই স্বীকৃতি ছয় বছরের জন্য প্রদান করা হয়েছে। এটি ৩ ডিসেম্বর ২০২৬ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।
এই আন্তর্জাতিক মর্যাদা ইউআইইউর বিএসসিএসই প্রোগ্রামকে বিশ্বের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সমতুল্য করে তুলেছে। ফলে এই বিভাগের স্নাতকরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার শীর্ষ প্রতিষ্ঠানের স্নাতকদের মতোই মানদণ্ডে গণ্য হবে। এতে ইউআইইউ বিএসসিএসই-এর স্নাতক ও নতুন শিক্ষার্থীদের বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। তাছাড়া তারা আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
ওয়াশিংটন অ্যাকর্ড নিশ্চিত করে যে, ইউআইইউর পাঠ্যক্রম, শিক্ষকমণ্ডলী এবং সুযোগ-সুবিধা বিশ্বমানের প্রযুক্তিগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা প্রদান করে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে, যা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় তার অবস্থানকে আরও মজবুত করবে। এছাড়া এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর মানসম্মত শিক্ষা লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।






