বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের আওতায় প্রাপ্ত আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে ‘আইবাস++’ ব্যবস্থার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধের জন্য সরকার এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়ার জট নিরসনে দেশের ৬৪টি জেলার শিক্ষকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে একযোগে এই অর্থ পাঠানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক প্রমুখ।