রিয়াল মাদ্রিদের জন্য সময়টা খুবই কঠিন হয়ে উঠেছে। লা লিগায় শেষ ছয় ম্যাচের তিনটিতে পরাজয়ের পর দলটি শিরোপা লড়াই থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছে। বিশেষ করে গতকাল রাতে মায়োর্কার কাছে হারের পর পরিস্থিতি আরও জটিল। লিগে ৮ ম্যাচ বাকি থাকলেও বার্সেলোনা ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। ৩০ ম্যাচে বার্সেলোনার ৭৬ পয়েন্ট, রিয়ালের ৬৯।

লিগে এই ব্যবধান অনেকখানি। কোনো নাটকীয় ঘটনা না ঘটলে রিয়ালের শিরোপা জেতা প্রায় অসম্ভব। শুধু লা লিগাতেই নয়, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ নিয়েও রিয়াল উদ্বিগ্ন। দলের সামগ্রিক পারফরম্যান্সের পাশাপাশি তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ফর্মহীনতা এখন দলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে।

লা লিগায় এমবাপ্পে সর্বশেষ গোল করেছেন ১৪ ফেব্রুয়ারি। এরপর রিয়াল ৭টি লিগ ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪টিতে তিনি মাঠে নামেননি। হাঁটুর চোটে তিন ম্যাচ মিস করেছেন, এক ম্যাচে ছিলেন বেঞ্চে।

যে তিন ম্যাচে খেলেছেন, সেগুলোতেও গোল আসেনি। এই ৭ ম্যাচের ৩টিতেই রিয়াল হেরেছে। এই তিন হারই এখন লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে রিয়ালের সবচেয়ে বড় বাধা।

লা লিগা বাদ দিলে এমবাপ্পে সব মিলিয়ে পাঁচ ম্যাচ গোল করতে পারেননি। ফুটবলের তথ্যভিত্তিক পোর্টাল পোর্টার স্ট্যাটস জানায়, এটাই রিয়ালের জার্সিতে এমবাপ্পের সবচেয়ে দীর্ঘ গোলখরা। আগেরবার এমন হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চার ম্যাচের দুটিতে চোটের জন্য খেলেননি এমবাপ্পে। অন্য দুটিতে খেলেও গোল পাননি। ফলে বায়ার্ন ম্যাচের আগে সবার নজর এমবাপ্পের গোলে ফিরে আসায়। তার ছন্দহীনতা রিয়ালকে চাপে ফেলেছে। এখন তার গোলই দলকে এবং তাকে এই চাপ থেকে মুক্ত করতে পারে।