মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সাবেক এমপি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বয়স ছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাবেক ব্যক্তিগত সহকারী নিজাম উদ্দিন।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্ম নেন আনোয়ারুল হক। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অর্জন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে রাজনীতিতে আত্মপ্রদান করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।