ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা শুরু করেছে। এর ফলে ইবিএলের গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেল থেকে জীবনবিমা সেবা নিতে পারবেন। গত বৃহস্পতিবার ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ দেশের ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের জন্য বিমা সেবাকে আরও সহজলভ্য করবে। ব্যাংকাস্যুরেন্সের মূল লক্ষ্য গ্রাহকদের সহজলভ্য আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা এবং সমন্বিত আর্থিক সেবা প্রদানকে শক্তিশালী করা। ইবিএলের শক্তিশালী ব্যাংকিং প্ল্যাটফর্ম ও শান্তা লাইফ ইনস্যুরেন্সের জীবনবিমা অভিজ্ঞতার সমন্বয়ে এ অংশীদারিত্ব ব্যক্তি ও পরিবারের আর্থিক পরিকল্পনার সুযোগ সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শান্তা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক খুরশেদ কাইসার, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






