ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই দলের অধিনায়ক লিওনেল মেসি মাত্র ১০ মিনিটে গোল করে দর্শকদের মুগ্ধ করেন। ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই আর্জেন্টাইন তারকা ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি আত্মার্ণিত করেন।
যদিও দলটি জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ঘরের মাঠে অস্টিন এফসির বিরুদ্ধে এমএলএস ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।
মায়ামির প্রথম গোলটি মেসির পায়ে এলেও নতুন স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোল করেন অস্টিনের ডিফেন্ডার গুইলহার্মে বিরো। ৬ মিনিটেই সফরকারী দলকে এগিয়ে দেন তিনি। চার মিনিট পর দুর্দান্ত হেডারে সমতা ফিরিয়ে আনেন মেসি। এটি তাঁর ক্যারিয়ারের ৯০৩ নম্বর গোল।
সমতার পর মায়ামি বল দখল করে আধিপত্য বিস্তার করলেও অস্টিনের প্রতিরক্ষা ভাঙা কঠিন হয়ে পড়ে। উল্টে ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে জেইডেন নেলসনের গোলে আবার সামনে যায় অস্টিন।
ম্যাচ হাতছাড়া হওয়ার পরিপ্রেক্ষিতে ৭৩ মিনিটে কোচ হাভিয়ের মাচেরানো অভিজ্ঞ লুইস সুয়ারেজকে মাঠে নামান। মাঠে নামার ৮ মিনিট পর সুয়ারেজ গোল করে দলের হার বাঁচান। মেসির কর্নার থেকে জর্মান বার্টারেমের হেডারে ফিরে আসা বলটি কাছ থেকে জালে পাঠান উরুগুয়ান স্ট্রাইকার।
ভাগ্য সঙ্গী হলে ম্যাচের শেষে মেসি দারুণ সমাপ্তি টানতে পারতেন। কিন্তু ৯০ মিনিটে তাঁর ট্রেডমার্ক ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। এই সমতার ফলে এমএলএসে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে চার ম্যাচ জয়হীন অস্টিন।
গত মৌসুমে এমএলএস কাপ জেতার পর এটিই ছিল মায়ামির প্রথম হোম ম্যাচ। ছয় বছর ধরে ফোর্ট লডারডেলকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের পর এবার নিজেদের শহরের নামে নির্মিত স্টেডিয়ামে খেলার সুযোগ পায় তারা।
২৬ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি উদ্বোধন করেন ক্লাবের সহমালিক ডেভিড বেকহাম ও জর্জ মাস। খেলা শুরুর আগে আবেগপূর্ণ বেকহাম বলেন, “মায়ামিতে এই স্টেডিয়াম চালু করার জন্য বছরের পর বছর চেষ্টা করার পর আজ এটি বাস্তবে রূপ নিতে দেখাটা আমার জন্য বিশেষ কিছু। ২০ বছর আগে এমএলএসে আসার সময় অনেক কথা দিয়েছিলাম। ১৩ বছর আগে মায়ামিতে আসার সময়ও সেই প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলাম। আজ আমাদের সেই স্বপ্ন সত্যি হলো।”
গ্যালারিতে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও বেকহামের রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদো নাজারিও।
ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো স্টেডিয়াম নিয়ে বলেন, “এটি দর্শনীয় স্টেডিয়াম, নিঃসন্দেহে বিশ্বমানের। দর্শকদের উপস্থিতি ছিল অবিশ্বাস্য; পুরো গ্যালারি একদম ঠাসা ছিল।”
আগামী সপ্তাহে এই নতুন মাঠে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে মুখোমুখি হবে মায়ামি।






