পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে খারাপ বোলিং না করলেও তৃতীয় ম্যাচে রিশাদ হোসেন পিটুনির মুখোমুখি হন। লাহোরে শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ১ উইকেট নিলেও ৩ ওভারে ৩৬ রান খরচ করেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের এই বাংলাদেশি লেগ স্পিনার। তাঁর দলও হেরে যায়। তিন ম্যাচে তিনবারই পরাজয় পিন্ডিজের।
কামরান গুলামের ৩৯ বলে ৫০ রানের ফিফটি এবং ডিয়ান ফরেস্টারের ১৯ বলে অপরাজিত ৪৪ রানের জোরে পিন্ডিজ ৭ উইকেট গুটিয়ে ১৫৬ রান করে। রিশাদ ব্যাটিংয়ে ৬ বলে ৩ রান করেন।
সামির মিনহাসের ৩৬ বলে ৭০ রানের ঝড়ো ব্যাটিংয়ে ইসলামাবাদ মাত্র ১৪.২ ওভারে ৭ উইকেট হাতে লক্ষ্য অতিক্রম করে।
বোলিংয়ে রিশাদের শুরু খারাপ ছিল না। সপ্তম ওভারে ৫ রান দেন তিনি। পরের ওভারে ১২ রান খরচ হলেও শেষ ওভারে ১ উইকেট নিয়ে ১৯ রান দেন।






