বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে দুর্বৃত্তরা নিজ বাড়িতে ঢুকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শাহনাজ বেগমের গলা কেটে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।






