কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে সভাপতি হিসেবে আবার নির্বাচিত হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
এই নির্বাচনের ফলে ১১ সদস্যবিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবগঠিত পরিষদটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাব এ তথ্য জানায়।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
ক্যাব জানায়, সভায় উপস্থিত ভোটারদের ৫১–২ ভোটে নিরঙ্কুশভাবে এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত পরিষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে জামিল চৌধুরী ও সহসভাপতি এস এম নাজের হোসাইন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মো. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, এম এ কাদের মন্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।






