টাঙ্গাইলের সখীপুরে কার্বলিক অ্যাসিডের বোতল নিয়ে খেলতে গিয়ে চার বছর বয়সী আকিব নামের শিশু দগ্ধ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আকিব কচুয়া গ্রামের আবদুল হামিদের ছেলে। আবদুল হামিদ কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্বলিক অ্যাসিড ঘরে রাখলে সাপ আসে না—এমন ধারণা থেকে পরিবারটি ঘরে অ্যাসিড সংরক্ষণ করেছিল। এ সময় শিশু আকিব বোতলটি হাতে নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে বোতল থেকে অ্যাসিড তার শরীরে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিশুদের নাগালের মধ্যে বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসচেতনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে।” তিনি সবাইকে শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকার আহ্বান জানান।