হাভিয়ের কাবরেরাকেই কি রাখা হবে, নাকি লাল-সবুজের ডাগআউটে নতুন কোনো মুখ দেখা যাবে? এই প্রশ্নের মীমাংসা করতেই আজ বাফুফের জাতীয় দল কমিটি সভায় বসেছিল। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় দলের ভবিষ্যৎ এবং কোচ নিয়ে আলোচনা হয়েছে।

সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কোচ কাবরেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। তবে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মেয়াদে শেষবার ডাগআউটে দাঁড়াবেন কাবরেরা।

পুনরায় নির্বাচিত না হলে কাবরেরার সময় শেষ হয়ে যাবে। তাকে রাখা বা না রাখার বিষয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এখন থেকেই নতুন কোচের সন্ধানে নামছি। নতুন কোচের ইন্টারভিউ নেব। প্রয়োজনে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন। তারপর সিদ্ধান্ত নেবে কমিটি।’

বাফুফে কি কাবরেরাকে নিয়েই ঘুরপাক খাচ্ছে? এমন প্রশ্নের জবাবে বাবু বলেন, ‘বিষয়টা তেমন নয়। তাঁর সঙ্গে আরেক মাস চুক্তি আছে। তবে আমরা আরও ভালো কিছুর চেষ্টা করছি।’

দেশের ফুটবল মহলের একটি বড় অংশ কাবরেরার পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচ তিনি। দীর্ঘ ৪ বছর ৩ মাস মেয়াদে দলের খেলার ধরনে উন্নতি এলেও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। বিশেষ করে হামজা চৌধুরী ও শমিতদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ে আশানুরূপ সাফল্য না পাওয়ায় সমালোচনা বেড়েছে।

সাক্ষাৎকার দিলে কাবরেরা কি বাড়তি সুবিধা পাবেন? এমন প্রশ্নে বাবু বলেন, ‘আজ সভায় জাতীয় দল কমিটির সবাই ছিলেন। সর্বসম্মতিতে ঠিক হয়েছে আজ থেকেই আমরা কোচের সিভি নেব। ভালো কোচ পেলে তাকেই আমরা নেব। যেহেতু কাবরেরার মেয়াদ এখনো আছে, তাই তার ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলব না।’

জাতীয় দল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে একজন নতুন গোলরক্ষক কোচও দুই বছরের জন্য নিয়োগ দেবে বাফুফে।

কাবরেরার ওপর বাফুফে খুশি কি না, এমন প্রশ্ন এড়িয়ে বাবু জানান, ‘তিনি আবেদন করে আগের কিছু বিবেচনা করা হবে না। নতুন করে আবেদন করতে হবে।’ উল্লেখ্য, ছুটিতে স্পেন যাওয়ার আগেই কাবরেরা আরও এক মেয়াদে কাজ করার আগ্রহ প্রকাশ করে গেছেন।

এদিকে, জাতীয় দল কমিটি আগামী ১-৯ জুন ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা শুরু করেছে। আগামী ১-৯ জুন ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে অনূর্ধ্ব-২৩ দল গঠনের কাজও শুরু হবে এখন থেকে।