বাংলা ২য় পত্র: অনুচ্ছেদ রচনা

জাদুঘর

জাদুঘর হলো এমন একটি স্থান, যা ইতিহাসের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংগ্রহ করে সংরক্ষণ ও প্রদর্শন করে। এটি মানুষের অতীত জীবনের নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলে—এটিই জাদুঘরের মূল উদ্দেশ্য। পৃথিবীর প্রথম জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন মিসরের আলেকজান্দ্রিয়ায়। বিশ্বের সুপরিচিত জাদুঘরগুলোর মধ্যে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, রাশিয়ার হার্মিটেজ মিউজিয়াম এবং ইতালির উপিজি মিউজিয়াম বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাংলাদেশে প্রথম জাদুঘরটি প্রতিষ্ঠা হয় ১৯১০ সালে রাজশাহীতে। এই বরেন্দ্র গবেষণা জাদুঘর এখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। ঢাকায় জাতীয় জাদুঘরটি প্রথম ১৯১৩ সালে ‘ঢাকা জাদুঘর’ নামে শুরু হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে শাহবাগে নতুন ভবনে এটি ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ হিসেবে কার্যক্রম শুরু করে। ঢাকায় আরও দুটি জাদুঘর রয়েছে—মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

জাদুঘরের প্রতিটি পুরাকীর্তি নিয়মিত দেখার সুযোগ আমাদের জ্ঞানবৃদ্ধি করে এবং ঐতিহ্যের প্রতি সম্মান জাগায়। সংক্ষেপে বলা যায়, যে জাতির ঐতিহ্য যত সমৃদ্ধ, সেই জাতির জাদুঘরও তত সমৃদ্ধ। তাই জাদুঘরকে ইতিহাস ও জ্ঞানের জীবন্ত ভান্ডার বলা হয়।

ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা