মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে আরও একটি জাহাজ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামক জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগমন করে। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্ব পালন করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থার তথ্য অনুসারে, এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত এ মাসে দুটি জাহাজ এসেছে। এর আগের জাহাজটি গতকাল শুক্রবার বেলা ২টায় আসে। সেই জাহাজে ছিল ২৭ হাজার টন ডিজেল, যা সিঙ্গাপুর থেকে এসেছে। ওই তেলও সরবরাহ করেছে ইউনিপ্যাক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়, ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে প্রভাব পড়ে। নির্ধারিত সময়ে কয়েকটি জাহাজ দেশে না পৌঁছাতে পারায় সরবরাহে চাপ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সরকারের উদ্যোগে বিপিসি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা নেয়।
জানতে চাইলে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “সর্বশেষ জাহাজটি এসে পৌঁছেছে। এখন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে খালাস কার্যক্রম শুরু হবে।”






