রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ডি–ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাজেদুল খিলগাঁওয়ের ওমর আলী লেনে বাস করতেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং তাঁর বাবার নাম আবদুল হাকিম।

পুলিশ জানায়, এ ঘটনায় ওই গাড়ির চালক সেলিম বাবুকে (৫০) আটক করা হয়েছে এবং গাড়িটিও জব্দ করা হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, ছেলেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সাজেদুল। দক্ষিণ বনশ্রী এলাকায় পৌঁছালে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক ও গাড়িটিও জব্দ করা হয়েছে।