সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই বিজয়ে রোনান সুলিভানদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রাতে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।
‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণেরা প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয়রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।’

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র শেষ হওয়ার পর টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারিত হয়। ভারতের হয়ে ঋষি সিংয়ের প্রথম শট দুর্বল ছিল, ঝাঁপিয়ে তা আটকে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন। এই সেভ বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ভারত টানা তিন গোল করলেও বাংলাদেশ পিছিয়ে পড়েনি। মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন।

‘এই ফুটবলাররা হারতে জানে না’, ভারতকে হারিয়ে বাংলাদেশ কোচ।

বাংলাদেশের চতুর্থ শটে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে টাইব্রেকারে ৩-৩ সমতায় ফেরে দুই দল। তবে নাটক তখনো শেষ হয়নি। পঞ্চম শটে ভারতের ওমাং দোদাম বল পোস্টের ওপর দিয়ে মারলে শিরোপার পথ সহজ হয়ে যায় বাংলাদেশের। এরপর যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান দলের শেষ শটে সহজেই গোল করে বাংলাদেশকে শিরোপায় ভাসিয়ে দেন।