দৃষ্টিপ্রতিবন্ধী ক্লার্ক রেনল্ডস বিশ্বে প্রথমবারের মতো এআই চশমা পরে ১২ এপ্রিল ব্রাইটন ম্যারাথনে অংশ নেবেন। ৪৫ বছর বয়সী এই দৌড়বিদের দৃষ্টিশক্তি ‘রেটিনিটিস পিগমেন্টোসা’র কারণে মাত্র ৫ শতাংশ। প্রায় ২৬ মাইল দীর্ঘ এই পথ অতিক্রম করতে তিনি ‘মেটা এআই’ চশমা ব্যবহার করবেন।

দৌড়ের সময় ‘বি মাই আইজ’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীরা তাঁকে দিকনির্দেশনা দেবেন, যা খেলাধুলায় প্রযুক্তির ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সাধারণত এই প্ল্যাটফর্ম দৈবচয়ন ভিত্তিতে ব্যবহারকারীদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যুক্ত করে। কিন্তু মেটা এআই চশমার নতুন ‘বি মাই আইজ গ্রুপস’ ফিচারটি রেনল্ডসকে একনিষ্ঠ একদল সমর্থক নিয়ে ব্যক্তিগত দল গঠনের সুযোগ দিয়েছে। তাঁর ম্যারাথনের জন্য স্বেচ্ছাসেবকদের আগে থেকে নির্বাচন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দৌড়ের সময় প্রয়োজনে তিনি পরিচিত এবং প্রস্তুত এই দলের কণ্ঠস্বর থেকে দিকনির্দেশনা পাবেন।

‘এটি বিশ্বে প্রথম! আমি দারুণ উচ্ছ্বসিত! বি মাই আইজ ব্যবহারকারী স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমিই প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে একটি পূর্ণ ম্যারাথনে দৌড়াতে যাচ্ছি। এই প্রযুক্তি অত্যন্ত মুক্তিদায়ক’, বলেন ক্লার্ক। তিনি ‘মিস্টার ডট’ নামেও জনপ্রিয়।

ক্লার্ক বলেন, ‘এই অ্যাপ ব্যবহার করা সত্যিই অবিশ্বাস্য। আমি যখন দৌড়াতে বের হই, তখন শুধু তিনটি জাদুকরী শব্দ “বি মাই আইজ” বলি, আর অমনি আমি এমন একজনের সঙ্গে যুক্ত হয়ে যাই, যিনি আমাকে সহযোগিতা করবেন।’ তাঁরা বিশ্বের যেকোনো প্রান্তে থাকতে পারেন।

আগে গাইডের সাহায্যে ক্লার্ক লন্ডন ম্যারাথন শেষ করেছেন। এখন এই অ্যাপের মাধ্যমে ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী তাঁকে সহায়তা করছেন।