লাহোর কালান্দার্সের বাংলাদেশি ব্যাটসম্যান পারভেজ হোসেন আজ ঝড় তুলেছেন মুলতান সুলতানসের বিপক্ষে। ১৯ বলে ৪৫ রান করে তিনি দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। একই দলের মোস্তাফিজুর রহমানও ৩৭ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দুই বাংলাদেশি খেলোয়াড়ের দক্ষতায় লাহোর মুলতানকে ২০ রানের ব্যবধানে হারায়। বৃষ্টির কারণে ১৩ ওভারে সংক্ষিপ্ত ম্যাচে লাহোর প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রান করে। তাড়া করতে নামা মুলতান ৫ উইকেটে ১৬৫ রানেই আটকে যায়।

আগের দুই ম্যাচে মাত্র ১৪ ও ১২ রান করে আউট হওয়া পারভেজের শুরুটা আজও ছিল কষ্টকর। প্রথম ৯ বলে তিনি করেন ৭ রান। এরপর মোহাম্মদ নেওয়াজের ওভারে টানা দুই ছক্কা ও এক চার করে ৫ বলে ১৯ রান নেন।

ফয়সাল আকরামের বলে তিনি টানা তিন ছক্কা মারেন। মোহাম্মদ ইসমাইলের বলে বাউন্ডারিতে ক্যাচ না হলে দ্রুত ফিফটি পেয়ে যেতেন। ১৯ বলে ৪৫ রানের এই ইনিংসে ছিল ৫ ছক্কা ও ২ চার।

পারভেজের পর বল নিয়ে মোস্তাফিজও আগুন জ্বালান। আগের দুই ম্যাচে ১ করে উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার ৩ ওভার করে মুলতানের সাহিবজাদা ফারহান ও শান মাসুদের উইকেট নেন। ওপেনার ফারহান ২৪ রানে লং অনে ক্যাচ দেন, আর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করা মাসুদ এলবিডব্লুতে আউট হন।