জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দলীয় স্বার্থ ও এজেন্ডা রক্ষায় বিএনপি তাদের ইচ্ছামতো সংবিধান সংশোধনের পথ নিয়েছে, যা নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে।
আজ শুক্রবার সকালে ফরিদপুর জেলা জামায়াতের অঞ্চল সমিতির বৈঠকে তিনি এসব কথা বলেন। পশ্চিম খাবাশপুরের আল–ফালাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, "সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়েছে, সংশোধনের জন্য নয়।" বিরোধী দল সংসদে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনায় স্পষ্ট করেছে যে, সংশোধন নয়, সংস্কারই করতে হবে।
জাতীয় সংসদের সীমাবদ্ধতার কারণে সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে মৌলিক সংস্কার সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ জামায়াতের বক্তব্য বিকৃত করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, চিফ হুইপ আজ রাজধানীতে এক সভায় বলেছেন, জামায়াত সংবিধান ছুড়ে ফেলতে চায়। তিনি যদি এই সংসদের কার্যবিবরণী ভালো করে দেখেন, তা হলে সত্যটি বুঝতে পারবেন। এ ধরনের কোনো বক্তব্য জামায়াত রাখেনি। তাঁদের নেত্রী খালেদা জিয়া জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলবেন এমন মন্তব্য করেছিলেন।
একই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন বলে উল্লেখ করেন জামায়াত নেতা। তিনি বলেন, এই সংবিধান আওয়ামী লীগের তৈরি সংবিধান। এই সংবিধানকে কাটাছেঁড়া করে একপেশে সংবিধান তৈরি করা হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। পঞ্চদশ সংশোধনী বহাল রেখে দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। তাই জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছেন।






