ইতালি ফুটবলের সংকট গভীর হলো প্রধান কোচ জেনারো গাত্তুসোর পদত্যাগের খবরে। ফুটবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় দলের হেড অব ডেলিগেশনের পদত্যাগের পর এই ঘটনা অবশ্যম্ভাবী ছিল। আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসির বিবৃতিতে জানানো হয়েছে, ফেডারেশনের সঙ্গে পারস্পরিক সম্মতিতে ‘হৃদয়ে কষ্ট’ নিয়ে গাত্তুসো ইতালি জাতীয় দলের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার তিন দিন পর এসেছে গাত্তুসোর পদত্যাগের খবর। মঙ্গলবার রাতে ইউরোপীয় প্লে–অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর এফআইজিসি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা ও ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন।

ফেডারেশনের ওয়েবসাইটে ৪৮ বছর বয়সী গাত্তুসোর পদত্যাগ সম্পর্কে বলা হয়েছে, ‘হৃদয়ে কষ্ট নিয়ে, আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে আমি জাতীয় দলের কোচ হিসেবে আমার অধ্যায়ের ইতি টানছি। ফুটবল বিশ্বে এই নীল জার্সিটি সবচেয়ে বিশেষ আর সে কারণেই ভবিষ্যতের কথা ভেবে এটি একটি নতুন টেকনিক্যাল টিমের হাতে ছেড়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’

২০২৬–এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সময়ও বাছাইপর্ব উতরাতে পারেনি ইতালি। গত বছরের জুনে এক বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নেন ২০০৬ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গাত্তুসো। তাঁর অধীন ইউরোপীয় বাছাইয়ের পাঁচ ম্যাচ জেতে ইতালি। তবে পূর্বসূরি লুসিয়ানো স্পালেত্তির অধীন নরওয়ের কাছে ৩–০ গোলে হারার জেরে শেষ পর্যন্ত প্লে–অফে নেমে যেতে হয় দলটিকে।

মহাদেশীয় প্লে–অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারালেও ৩১ মার্চের ফাইনালে বসনিয়ার কাছে টাইব্রেকারে ৪–১ ব্যবধানে হেরে যায় ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর ফুটবলকর্তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির ফুটবল সমর্থকেরা। ক্রীড়ামন্ত্রী ফেডারেশনের প্রধানকে সরে যেতে বলার পর একে একে ডেলিগেশন প্রধান ও প্রধান কোচও পদত্যাগ করলেন।