সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামক জাহাজটি আগমন করে। এই ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্ব পালন করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থার তথ্য অনুসারে, এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এছাড়া প্রায় দেড় লাখ টন ডিজেল মজুত আছে।
বিপিসি সূত্র জানায়, নিয়মিত তেল সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ দেশের উদ্দেশে রওনা হয়েছে। আগামীকাল শনিবার অথবা আগামী রবিবার এই জাহাজ পৌঁছে যাবে। প্রতি মাসে তেল নিয়ে ১৫ থেকে ১৬টি জাহাজ দেশে আসে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এই আমদানি সূচি ব্যাহত হয়েছে।
জাহাজ আগমনের বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান। তিনি বলেন, “আমদানি সূচি অনুযায়ী জাহাজ আসছে। ফলে এ মাসে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই।”






