রাজধানীর আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনে শুক্রবার সকাল ছয়টা থেকে তেলের লাইনে অপেক্ষা করছেন চালক শহীদুল ইসলাম। ভোরে এসেছিলেন কম চাপে তেল নেওয়ার আশায়, দ্রুত বাসায় ফিরে বিশ্রাম নেবেন ভেবে। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও তেল পাননি।
দুপুর সোয়া ১২টায় পাম্পের পাশের গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই কথা হয়। শহীদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ভোর থেকে পাঁচটি পাম্প ঘুরেছেন। সব জায়গায় লম্বা লাইন। এখানে লাইন কিছুটা কম দেখে সকাল ছয়টা থেকে দাঁড়িয়ে আছেন। আক্ষেপ করে তিনি বলেন, ‘ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করেও তেল পাইনি। ছুটির দিনের অর্ধেক সময় তেলের লাইনে অপেক্ষা করতেই শেষ। তেল নিতে এসে ফেঁসে গেছি মনে হচ্ছে।’ গাড়ির তেল প্রায় ফুরিয়ে এসেছে, আর মাত্র কয়েক কিলোমিটার চলবে বলে আজই তেল নিতে হবে তিনি জানান।
একই লাইনে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শাহরিয়ার রহমান। ক্লান্ত হয়ে ফুটপাতের গাছতলায় বসে ছিলেন তিনি। শাহরিয়ার রহমান বলেন, খিলক্ষেত থেকে ভোরে বের হয়ে রাজধানীর তিনটি পাম্প ঘুরে এখানে এসেছেন। ছয় ঘণ্টা ধরে অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘আমার মোটরসাইকেল দুই দিন ধরে রিজার্ভে চলছে। আজ তেল নিতে না পারলে আগামী রোববার অফিসে যেতে পারব না। তাই কষ্ট হলেও অপেক্ষা করছি।’
তালুকদার ফিলিং স্টেশনের সামনে ব্যক্তিগত গাড়ির লাইন আসাদগেট থেকে শুরু হয়ে জুলাই স্মৃতি জাদুঘর মোড় পার হয়ে জিয়া উদ্যান পর্যন্ত। দুপুর ১২টায় এখানে ২৩০টি প্রাইভেট কার ও ১৩৮টি মোটরসাইকেলের লাইন। অনেক চালক গাড়িতে ঘুমিয়ে পড়েছেন, অনেকে ফুটপাতের ছায়ায় বসে আছেন।
পাম্পের হিসাবরক্ষক মো. এরশাদ খান জাবেদ মুক্তকণ্ঠকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় তেল শেষ হয়ে গেছে। সকাল আটটায় তেল আনতে গাড়ি ডিপোয় গেছে। গাড়ি এলে বিক্রি শুরু হবে। ডিপোতেও লাইন দীর্ঘ, কখন আসবে জানা নেই।
শুধু এখানেই নয়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়ির লাইন জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী পার করে তেজগাঁওয় পর্যন্ত, মোটরসাইকেলের লাইন জাহাঙ্গীর গেটে। বেলা একটায় ৪২১টি গাড়ি ও ৬৩৩টি মোটরসাইকেল। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনের লাইন তেজগাঁওয় পর্যন্ত, আসাদগেটের সোনারবাংলা সার্ভিস সেন্টারের ধানমন্ডি ২৭ নম্বর মোড় পর্যন্ত, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত।
ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা সিটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন বেলা দেড়টায় বলেন, গত সপ্তাহে আত্মীয়ের কাছ থেকে দুই লিটার তেল নিয়ে কলেজে গিয়েছেন। আজ কলেজ বন্ধ, ভোর পাঁচটায় লাইনে দাঁড়িয়েছেন। আট ঘণ্টার বেশি অপেক্ষায় আছেন, কখন তেল পাবেন জানেন না।






