রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নেতা মো. মামুন (৪২)। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয়ের চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হঠাৎ রামদা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মো. মামুনের বোন পান্না আক্তার মুক্তকণ্ঠকে বলেন, ‘আমার ভাইটারে জানে মারতে চেয়েছিল। আগে আওয়ামী লীগ করত, এটা কি তাঁর অপরাধ? তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে।’

চন্দ্রঘোনা ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ইউপি সদস্য মামুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ভোর পাঁচটায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত তাঁর (মামুনের) সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।