নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক তরুণ জ্বালানি তেলের সংকটে পার্শ্ববর্তী ফেনীতে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে পথে দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুণ মো. অন্তর (২০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার–সংলগ্ন মৃদ্দাবাড়ির একরামুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নিজ এলাকার ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় অন্তর বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ফেনী যান। সেখান থেকে তাঁর মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহ করেন। কিন্তু ফেরার পথে দাগনভূঞা-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কের এনায়েতভূঞা এলাকায় অজ্ঞাতনামা একটি যানবাহনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের সড়কের ওপর পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অন্তরের মৃত্যু হয়। আহত বন্ধুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারে শোকের মাতম চলছে। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।”
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের চলমান সংকটের কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফিলিং স্টেশনগুলোয় অকটেন-পেট্রল পাওয়া যাচ্ছে না। এ কারণে গতকাল বিকেলে অন্তর বন্ধুসহ ফেনীর ফিলিং স্টেশনে তেল নিতে রওনা হন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে হয়েছিল, সেটি জানা যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়েছেন।”






