যেন কোনো হাসির ছবির দৃশ্য। হাতে ধারালো রামদা, কোমরে পিস্তল নিয়ে ভয়ঙ্কর চেহারার এক ডাকাত হানা দিল পানশালায়। কিন্তু দোকানকর্মীরা না শুধু ভয় পেলেন না, তারা হাসিতে ফেটে পড়লেন। এতে ডাকাত হতভম্ব হয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হলেন।

স্পেনের মালাগা শহরের ‘লা বারাকা দে লা আবুয়েলা’ নামক পানশালায় সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো জানায়, এর পেছনে ছিল এক বড় ‘ভুল–বোঝাবুঝি’। কর্মীরা ভেবেছিলেন, কোনো নিয়মিত গ্রাহক রসিকতার জন্য এই ছদ্মবেশে এসেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লোকটির হাতে বড় রামদা। তিনি চিৎকার করে অর্থ দাবি করছিলেন। কিন্তু এক কর্মী রামদাটি হাতে নিয়ে নেড়েচেড়ে বলেন, ‘আরে, এটা তো খেলনা।’ অন্যজন হেসে ফেললেন। পরিস্থিতি গম্ভীর করতে ডাকাত এক কর্মীর গলায় ছুরি ধরলেও সেই কর্মীর নির্বিকার জবাব ছিল, ‘ছুরিটিতে তো মোটেও ধার নেই।’

ততক্ষণে ডাকাতের মেজাজ তুঙ্গে। নিজেকে প্রমাণ করতে তিনি পিস্তল বের করে কাউন্টারে আঘাত করলেন। কিন্তু কর্মীরা তখনও এটাকে রসিকতা ভেবে একজন হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, ‘আমরা কি তবে পুলিশে ফোন দেব?’

এই প্রশ্নে ডাকাত কিছুটা দমে যান। কোনো সাড়া না পেয়ে বিভ্রান্তি আর বিরক্তিতে তিনি শূন্য হাতে পানশালা ছেড়ে চলে যান। পরে জানা যায়, ওই ব্যক্তি শহরের আরও কয়েকটি দোকানে একইভাবে ডাকাতি করেছেন। পুলিশ তাকে অন্য এলাকা থেকে গ্রেপ্তার করার পর কর্মীদের হুঁশ ফিরে। তাঁরা বুঝলেন, যা তাঁরা রসিকতা ভেবেছিলেন, তা ছিল ভয়াবহ সশস্ত্র ডাকাতির চেষ্টা।