গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকে ঢাকার ক্লাব ক্রিকেটে অচল অবস্থা চলছে। মৌসুম শেষদিকে চলে এলেও ঢাকা প্রিমিয়ার লিগ এখনো মাঠে নামেনি। এতদিন তেমন তোড়জোড় ছিল না এ নিয়ে, তবে গতকাল প্রিমিয়ার লিগে খেলা ১২টি ক্লাবকে বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছে বিসিবি।
সিসিডিএম ৮ এপ্রিল মিরপুরে বিসিবি ভবনে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করতে চায়। ক্লাবগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৈঠকে প্রিমিয়ার লিগের দলবদল ও লিগ শুরুর সময় নিয়ে আলোচনা হবে।
নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ দাবি করে প্রিমিয়ার লিগসহ সিসিডিএমের অধীন সব ধরনের ক্রিকেট বর্জনের অবস্থান নিয়েছে ঢাকার ক্লাবগুলোর বড় অংশ। এ কারণে ২০টি ক্লাবের মধ্যে ১২টি ক্লাব নিয়ে প্রথম বিভাগ ও ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছে বিসিবি।
প্রিমিয়ার লিগেও বেশিরভাগ ক্লাবই খেলতে রাজি নয়। জানা গেছে, দুই থেকে তিনটির বেশি ক্লাব বিসিবির বৈঠকের ডাকে সাড়া দেবে না। নাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনাও আপাতত কম।
৪ এপ্রিল বৈঠকের জন্য তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোকেও চিঠি দিয়েছে বিসিবি। সেখানেও বেশিরভাগ ক্লাবই অংশ নেবে না।






