জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি বিশেষ রেজোল্যুশন প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে এই সম্মাননা তুলে দেন।

আইএসপিআর জানিয়েছে, রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের সমর্থনে জর্জিয়া স্টেট সিনেট গৃহীত এই রেজোল্যুশনে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়েছে। এই রেজোল্যুশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

পূর্বাহ্নে সেনাপ্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি কেম্পের দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এই দ্বিপক্ষীয় বৈঠকে তারা সামরিক বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাপ্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়। তখন তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনেসের সঙ্গে দেখা করেন।

সেনাপ্রধান গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে রওনা দেন।