ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ বাছাই থেকে টানা তৃতীয়বারের মতো বিদায় নিয়েছে ইতালি। বসনিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও ৪১ মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড পেয়ে দলটি ১০ জনের হয়ে যায়। ফলে লিড ধরে রাখতে ব্যর্থ হয় ইতালি এবং টাইব্রেকারে ৪-১ গোলে জয়লাভ করে বসনিয়া।
ম্যাচের পর এই হারের দায় ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনির উপর চাপে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এবং স্ত্রী কামিলা ব্রেসিয়ানি কটূক্তি ও অপমানজনক আক্রমণের শিকার হন। একপর্যায়ে কমেন্ট সেকশনই বন্ধ করে দিতে হয় তাদের। এখন তাঁদের পোস্টে শুধু বন্ধু ও পরিবারের সদস্যরাই মন্তব্য করতে পারছেন।
যদিও বাস্তোনি এই লাল কার্ড দলকে রক্ষা করতে গিয়ে পান। ম্যাচে পিছিয়ে পড়ার পর বসনিয়ার আমার মেমিচ বল নিয়ে ইতালির বক্সের দিকে ছুটে আসেন। তাঁর সামনে তখন শুধু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই পরিস্থিতিতে বক্সের বাইরে পেছন থেকে ট্যাকল করে মেমিচকে ফেলে দেন বাস্তোনি। ফলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাঁকে।
এই লাল কার্ড তাৎক্ষণিকভাবে দলকে গোল থেকে বাঁচালেও ইতালিকে ম্যাচে পিছিয়ে দেয়। শেষ পর্যন্ত ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে হারিস তাবাকোভিচ গোল করে সমতা ফেরান। তারপর টাইব্রেকারে দাপট দেখিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বসনিয়া।






