নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় গতকাল বুধবার রাতে এক যুবক বোরকা পরে নারীর ছদ্মবেশে তেল কিনতে গিয়ে ধরা পড়েন। ফিলিং স্টেশনে তখন জ্বালানি তেল কেনার জন্য মানুষের ভিড়। সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে। হঠাৎ বাইরে থেকে বোরকা পরা একজন মোটরসাইকেল নিয়ে এক সারির সামনে এসে দাঁড়ালেন। পেছনে অপেক্ষমাণ চালকরা ক্ষুব্ধ হয়ে কথা-কাটাকাটি শুরু করেন। সেই সময় বোঝা যায়, তিনি আসলে এক যুবক এবং নারীর ছদ্মবেশে তেল কিনতে এসেছেন।

ঘটনাটি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে ঘটে। যুবকটির পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিও বুধবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামুন ফিলিং স্টেশনের মালিক মামুন হোসেনের ছেলে অভি জানান, যুবকটি ধরা পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে সেখান থেকে বিদায় করা হয়। হয়তো নারী হিসেবে আগে তেল পাওয়ার আশায় তিনি এই কাজ করেছেন অথবা ফেসবুকে ভাইরাল হতেও এই কাজ করে থাকতে পারেন।