কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তাঁর দাবি, মেসির দল কেরালায় ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়েও শেষমেশ আসেনি। বৃহস্পতিবার একটি স্থানীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ক্রীড়ামন্ত্রী বলেছেন, “আমি সত্যিই চেয়েছিলাম আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না।”

আর্থিক চুক্তি হয়েও আর্জেন্টিনা দল প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ তুলে আবদুরাহিমান বলেন, “টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি।”

কেরালার এ ঘটনা একক নয় বলেও দাবি করেন তিনি। “আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমনটা করেছে। তারা টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।”

গত বছরের আগস্টে মন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ২০২৬ সালের মার্চে কেরালায় প্রদর্শনী ম্যাচ খেলবে। কিন্তু নভেম্বরে সংবাদমাধ্যমে খবর আসে, আর্জেন্টিনার সফর হবে না।

আর্জেন্টিনাকে কেরালায় নিয়ে আসার পরিকল্পনা অনেক আগে থেকে চলছিল। ২০২৫ সালে একটি প্রীতি ম্যাচের জন্য কেরালা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ফিফার সঙ্গে প্রাথমিক আলোচনা করে। যদিও সেই আলোচনা পরে এগোয়নি।

আর্জেন্টিনা দল কেরালায় না গেলেও অধিনায়ক লিওনেল মেসি ভারত সফর করেছিলেন। গত ডিসেম্বরে ‘গোট ট্যুরে’ তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও গুজরাটে যান। এর মধ্যে কলকাতার সল্টলেকে অব্যবস্থাপনার জেরে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করে।