বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আরও এক পরিচালকের পদত্যাগপত্র জমা পড়েছে। আজ সভাপতি আমিনুল ইসলামের কাছে পদত্যাগপত্র দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ছিলেন।
ইয়াসির নিজেই মুক্তকণ্ঠকে পদত্যাগপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছেন। এর মাধ্যমে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তিনজন সদস্য পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছিলেন। ইয়াসিরও পদত্যাগপত্রে একই কারণ দেখিয়েছেন।
গঠনতন্ত্র অনুসারে, বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত দুজন পরিচালক থাকেন। গত অক্টোবরে সর্বশেষ নির্বাচনের পর ইয়াসির ও রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে মুক্তকণ্ঠকে ইয়াসির বলেন, “একদমই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে এর চেয়ে বেশি কিছু নেই।” তাঁকে মনোনয়ন দানকারী এনএসসি এ বিষয় জানে কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, “এখনো জানাইনি।”
বিসিবিতে লজিস্টিকস কমিটির প্রধান হিসেবে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে ইয়াসির বলেন, “ভালো। অনেক কিছু শিখেছি।” এ সময় তিনি জানান, সুযোগ পেলে আবার বিসিবি পরিচালকের দায়িত্বে ফিরতে পারেন।
বিসিবি সভাপতি আমিনুল কোনো সংক্রট দেখছেন না। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। এর মধ্যেই পদত্যাগ করলেন এনএসসি মনোনীত পরিচালক ইয়াসির।
বিসিবি জানিয়েছে, আগের দুই পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ রয়েছে।






