১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবাদী প্রগতিশীল লেখক-শিল্পীরা নানাভাবে সহায়তা দিয়েছিলেন। তারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং তহবিল সংগ্রহের মতো কাজে অংশ নিয়েছিলেন। এসব বহুমুখী সহায়তা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তকণ্ঠ সম্পাদক মতিউর রহমান দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে বিদেশি লেখক-শিল্পীদের সহায়তার বিভিন্ন উদ্যোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। এসব নিয়ে ২০২২ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘ভালোবাসায় বাড়ানো হাত: মুক্তিযুদ্ধে বিদেশি লেখক-শিল্পী বন্ধু’।

স্বাধীনতা দিবসের স্মৃতিময় মাসে ২৭ মার্চ শুক্রবার বিকেলে বেঙ্গল বইয়ের উদ্যোগে বইটি অবলম্বন করে আলোচনা, প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও সংগীতায়োজন হয় ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশন মিলনায়তনে।

বেঙ্গল ফাউন্ডেশনের সপ্তম তলায় ছাদবাগানের উন্মুক্ত জায়গায় ডিসপ্লে বোর্ড এবং কাচঢাকা টেবিলে রাখা হয়েছিল আলোকচিত্র, গানের রেকর্ড, বই, স্মারক ডাকটিকিট, টি–শার্টসহ মতিউর রহমানের সংগ্রহ করা বেশ কিছু দুর্লভ নিদর্শন। স্বাধীনতার পর থেকে তিনি প্রবল আগ্রহ ও গভীর নিষ্ঠায় এসব সংগ্রহ করেছেন।

প্রদর্শিত নিদর্শনগুলোর মধ্যে ছিল নিউইয়র্কে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আয়োজনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর ভিনাইল রেকর্ড, প্রামাণ্যচিত্র, জর্জ হ্যারিসনের আত্মজীবনী, জর্জের স্ত্রী অলিভিয়া হ্যারিসনের স্বাক্ষর করা ভিনাইল রেকর্ড। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে বাংলাদেশের ডাক বিভাগের প্রকাশিত স্মারক ডাকটিকিট ও খাম, টি–শার্ট। আরেক মার্কিন সংগীতশিল্পী জোয়ান বায়েজের ‘সং অব বাংলাদেশ’–এর লংপ্লেসহ বিভিন্ন সময় প্রকাশিত রেকর্ড, তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ।

লন্ডনে অনুষ্ঠিত ‘কনসার্ট ইন সিমপ্যাথি ১৯৭১’ উপলক্ষে প্রকাশিত পুস্তিকা ও বিভিন্ন ছবি, ‘গুডবাই সামার’ কনসার্টের ছবি। পণ্ডিত রবিশঙ্কর, ভিক্টোরিয়া ওকাম্পো, অ্যালেন গিন্সবার্গ, আন্দ্রেই ভজনেসেনস্কিসহ বিভিন্ন কবি, লেখকের ছবি। কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের বিভিন্ন উদ্যোগ অনুষ্ঠানের ছবি তুলে ধরা হয়েছিল প্রদর্শনীতে।

অনুষ্ঠানে লেখক, কবি, বিভিন্ন মাধ্যমের শিল্পী, প্রকাশকসহ শিল্পসাহিত্যানুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন। তারা প্রদর্শনীর সেই নিদর্শনগুলো অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেছেন।