ইতালির একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। একটি বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, এসআইও নামক ইতালীয় প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপের নকল সংস্করণ তৈরি করেছে। এই অ্যাপটি দেখতে আসল অ্যাপের মতোই, কিন্তু ভিতরে ব্যবহারকারীদের তথ্য চুরির জন্য ক্ষতিকর কোড যুক্ত আছে।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ইতালিতে প্রায় ২০০ ব্যবহারকারী এই ভুয়া অ্যাপ ব্যবহার করছিলেন। অ্যাপটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সকলকে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাদের অবিলম্বে ভুয়া অ্যাপ মুছে ফেলে আসল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র মার্গারিটা ফ্র্যাঙ্কলিন বলেন, “গোপনীয়তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যাঁরা প্রতারণার শিকার হয়ে ভুয়া আইওএস অ্যাপটি ডাউনলোড করেছেন, তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার। এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, আগেও হোয়াটসঅ্যাপ একই ধরনের আরেকটি ভুয়া অ্যাপ শনাক্ত করেছিল। তখন যুক্তরাষ্ট্র-ইসরায়েলভিত্তিক নজরদারি প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের তৈরি স্পাইওয়্যারের লক্ষ্য ছিল ব্যবহারকারীরা।
সূত্র: টেক ক্র্যান্চ






