বিরাট কোহলির টি-টুয়েন্টি অভিষেক হয় ২০০৭ সালে দিল্লির হয়ে। এই সংস্করণে প্রথম সেঞ্চুরি পেতে তাঁকে ৯ বছর অপেক্ষা করতে হয়। ২০১৬ সালের আইপিএলে গুজরাট লায়নসের বিপক্ষে তিনি প্রথম সেঞ্চুরি করেন। অর্থাৎ, টি-টুয়েন্টি ক্যারিয়ারে গত এক দশকে কোহলি ৯টি সেঞ্চুরি পেয়েছেন।
সাহিবজাদা ফারহানের ক্যারিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, তাঁর টি-টুয়েন্টি অভিষেক হয় ২০১৩ সালে জেটিবিএলের হয়ে। কোহলির মতোই প্রথম সেঞ্চুরি পেতে এই পাকিস্তানি ওপেনারকেও ৯ বছর লেগেছে। ২০২২ সালে ন্যাশনাল টি২০ কাপে ঘরোয়া টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন ফারহান। তারপর গত চার বছরে এই সংস্করণে গুনে গুনে ৯টি সেঞ্চুরি সওয়ার করেছেন। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে মুলতান সুলতানসের এই ব্যাটসম্যান কোহলির পাশে এসে দাঁড়িয়েছেন।
টি-টুয়েন্টিতে সেঞ্চুরির সংখ্যায় এখন কোহলি ও ফারহান সমান। তবে এক জায়গায় ফারহান এগিয়ে। কোহলি তাঁর ৯টি সেঞ্চুরি পেয়েছেন সর্বশেষ ১০ বছরে, আর ফারহান সমান সংখ্যক সেঞ্চুরি করেছেন গত চার বছরেই!
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ফারহান এখন যৌথভাবে চতুর্থ স্থানে। কোহলির ছাড়াও ৯টি সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে এ সংস্করণে প্রথম সেঞ্চুরি করেন রুশো। অর্থাৎ, গত ৭ বছরে তিনি ৯টি সেঞ্চুরি পেয়েছেন। সেক্ষেত্রে কোহলি ও রুশোর চেয়ে দ্রুত সময়ে ৯টি সেঞ্চুরি করেছেন ফারহান।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। ১৭ বছরের (২০০৫-২০২২) ক্যারিয়ারে ২২ সেঞ্চুরি নিয়ে তিনি শীর্ষে। ১১ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম।
বাবরের টি-টুয়েন্টি অভিষেক হয় ২০১২ সালে। প্রথম সেঞ্চুরি পান দুই বছর পর ২০১৪ সালের সেপ্টেম্বরে। অর্থাৎ, ১১ সেঞ্চুরি করতে প্রায় এক যুগ সময় লেগেছে বাবরের। ফারহান মাত্র চার বছরে ৯ সেঞ্চুরি করে বাবরের পর পাকিস্তানের হয়ে এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন।
ইনিংসের হিসাবেও ফারহান কোহলি ও রুশোর চেয়ে বেশি ধারাবাহিক। কোহলি ৩৯৮ ইনিংসে এবং রুশো ৩৭৭ ইনিংসে ৯ সেঞ্চুরি করেছেন, কিন্তু ফারহান মাত্র ১৬০ ইনিংসেই তাঁদের ছুঁয়ে ফেলেছেন। ৯ সেঞ্চুরি করতে কোহলির চেয়ে ২৩৮ ইনিংস কম এবং রুশোর চেয়ে ২১৭ ইনিংস কম খেলেছেন ফারহান।
বাবর টি-টুয়েন্টিতে ১৭তম ইনিংসে প্রথম সেঞ্চুরি করেন। এ হিসাবে ১১ সেঞ্চুরির জন্য তিনি খেলেছেন ৩১৯ ইনিংস (মোট ৩৩৬ ইনিংস)। কোহলি ৩৯৮ ইনিংস খেলেছেন, প্রথম সেঞ্চুরি ১৮১তম ইনিংসে। এরপর ২১৭ ইনিংসে ৯ সেঞ্চুরি। রুশো ৩৭৭ ইনিংসে খেলেছেন, প্রথম সেঞ্চুরি ১৪৩তম ইনিংসে। পরবর্তী ২৩৪ ইনিংসে ৯ সেঞ্চুরি। ফারহান প্রথম সেঞ্চুরি করেন ৫৮তম ইনিংসে। পরবর্তী ১০২ ইনিংসে মোট ৯টি সেঞ্চুরি। এসব পরিসংখ্যান বলছে, ফারহান যেভাবে এগোচ্ছেন, সেটা ধরে রাখতে পারলে সামনে অনেক কীর্তিই গড়বেন।
হায়দরাবাদের বিপক্ষে মুলতানের ৬ উইকেটের জয়ে ফারহানের অপরাজিত ১০৬ রানের ইনিংসটি পিএসএলে প্রথম সেঞ্চুরি। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ফারহান এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরিও করেন।






