ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে একজন নারী নিহত হয়েছেন। এরপর দুটি পরাঘাতও কাঁপন তুলেছে সেই অঞ্চলে।
পরপর তিনটি কম্পনের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে ঘণ্টা দুয়েক পর হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সেই সতর্কতা তুলে নেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে টারনাটে শহরের উপকূলে নর্দান মলুকা সাগরে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে এর তীব্রতা বলা হয়েছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। পরে তা ৭ দশমিক ৪ মাত্রায় নামিয়ে আনা হয়।
ইউএসজিএস-এর তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪ দশমিক ৫ মাইল) দূরে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ওই শহরে ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ বাস করে।
ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পের পর দুটি পরাঘাত ঘটে। এর একটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫ এবং অন্যটির ৫ দশমিক ২। সংস্থাটি আরও পরাঘাতের সম্ভাবনা ব্যক্ত করেছে।
ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন। তিনি উত্তর সুলাওয়েসির মিনাহাসা অঞ্চলের বাসিন্দা ছিলেন।






