ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৪টি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৬, এখন আগ্রহী শিক্ষার্থীরা ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

কোর্সগুলো হলো—মাস্টার্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডব্লিউ), ভিকটিমোলজি অ্যান্ড রিস্টোরেটিভ জাস্টটিভ (ভিআরজে), গারনোটলজি অ্যান্ড জিনেরেটিক ওয়েলফেয়ার (জিজিডব্লিউ) এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (আইআরএলএস)। এসব কোর্স তিন সেমিস্টারের এবং মেয়াদ এক বছর ছয় মাস।

ইনস্টিটিউটের কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকা দিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও নির্ধারিত ফর্ম পাওয়া যায়।

এই কোর্সগুলোতে আবেদনের জন্য স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তরে (৪ পয়েন্ট স্কেলে) ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকলে আবেদন করা যাবে না।

যোগ্যতার মধ্যে রয়েছে কলা, সামাজিক বিজ্ঞান বা বিজনেস স্টাডিজের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল বা ল্যাঙ্গুয়েজ থেরাপি অথবা ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা উল্লিখিত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে স্নাতক (সম্মান) পাস।

ডিগ্রি পাস শিক্ষার্থীদের সরকারি, আধা-সরকারি বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পরীক্ষা: ২৫ এপ্রিল ২০২৬, বিকেল ৩টা ৩০ মিনিট থেকে শুরু।