নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুতের চেষ্টা করার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার পাঁচ বিঘা এবং এমপির পোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই গ্রেপ্তারি হয়। এসময় মোট ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং উপজেলার ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।
পুলিশের জানানো মতে, দেশের চলমান পরিস্থিতিতে তেল মজুত রোধ করতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। প্রথম অভিযানে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁঁইয়া করাতকলের উত্তর পাশের সড়ক থেকে একটি ভ্যান থেকে ৭৬০ লিটার ডিজেল উদ্ধার হয়। এই ডিজেল চারটি ড্রামে ভরে মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরবর্তীতে এমপির পোল এলাকা থেকে তিনটি ড্রামে ৫৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা একইভাবে মজুতের জন্য নেওয়া হচ্ছিল। এরপর ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, ‘এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’






