পশ্চিমবঙ্গের কলকাতায় ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিবাদীবাগে রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে এ ঘটনা বাধে।
রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে কয়েকদিন ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘ভোটার তালিকার নিবিড় সংশোধন’ বা এসআইআর-এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল। সেই সময় বিজেপির সমর্থকেরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফরম জমা দিতে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে পরিণত হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে মারপিট হয়।
তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নামে ভিনরাজ্যের মানুষের নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। তৃণমূল এর প্রতিবাদ জানালে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।






