শিক্ষা মন্ত্রণালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ে সহায়ক সার্চ কমিটি পুনর্গঠন করেছে। ছয় সদস্যের এই কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। এই কমিটি উপাচার্য পদে যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ত তিনজন বাছাই করবে। এরপর তিনজনের মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনাধীন সরকারের কাছে সুপারিশ করবে।
সম্প্রতি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।






